মূল লেখায় যান
UniQuery — হোম

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ২০২৬-২৭: একসাথে সব তারিখ

ঢাবি, জবি, রাবি, চবি, জাবি, শাবিপ্রবি, বুয়েট, কুয়েট, এমআইএসটি, বিইউপি আর গুচ্ছের ২০২৬-২৭ ভর্তি পরীক্ষা ও আবেদনের তারিখ একসাথে, একই দিনের পরীক্ষাসহ। প্রতিটা তারিখের সূত্র দেওয়া।

হালনাগাদ প্রকাশ ২৭ মিনিট পড়াসূত্র দেখুন

ভর্তি পরীক্ষার তারিখ ২০২৬-২৭ এক জায়গায়। ১৮ নভেম্বর হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা না নিতে বলেছে, আর আবেদন নেওয়া চালু রাখতে বলেছে। সরকার ও ঢাবি আপিল করেছে; ১৯ নভেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি আদেশ স্থগিত করেননি, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ২৩ নভেম্বর, সোমবার। ততদিন আদেশ বহাল। ইউজিসি ১৮ নভেম্বর সন্ধ্যায় তাদের ৯ নভেম্বরের সিদ্ধান্ত (জানুয়ারিতে আবেদন, ফেব্রুয়ারিতে পরীক্ষা) বাতিল করেছে, তাই এখন প্রতিটা বিশ্ববিদ্যালয় নিজের সূচি নিজে ঠিক করছে। এর মধ্যে বুয়েট ১ ফেব্রুয়ারি, রুয়েট ২৮ জানুয়ারি আর বুটেক্স ২৯ জানুয়ারি ঠিক করেছে, কৃষি গুচ্ছ বিজ্ঞপ্তিতে ২ জানুয়ারি রেখেছে। এখন পর্যন্ত ঘোষিত সব তারিখ এখানে মাস ধরে সাজানো, সঙ্গে আবেদনের সময় আর যেসব দিনে একসাথে একাধিক পরীক্ষা পড়েছে। প্রতিটা তারিখের পাশে লেখা আছে সেটা কতটা নিশ্চিত, আর সূত্র নিচে।

২১ নভেম্বর: এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর, নিশ্চিত করেছেন ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (খবর সংযোগ); একই দিন আপিল বিভাগে শুনানি। গুচ্ছের (জিএসটি) তারিখ বদলাচ্ছে না: ১৯, ২০ ও ২৭ মার্চ; নতুন যুক্ত হচ্ছে বগুড়া, ঠাকুরগাঁও আর মেহেরপুর বিশ্ববিদ্যালয়, মোট ২৩টি (গুচ্ছের কো-কনভেনর, নোবিপ্রবির উপাচার্য; ঢাকা ডায়েরি)। কৃষি গুচ্ছে দ্বিতীয়বার পরীক্ষার্থী (এইচএসসি ২০২৫) আর পুনঃনিরীক্ষণে ফল বদলানোরা আবেদন করতে পারবেন, সম্পূরকের শিক্ষার্থীরা পারবেন না; ৪র্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসিতে আলাদা ৪.০০ আর মোট ৮.০০ লাগবে; মেধাক্রম ১৫০ নম্বরে (পরীক্ষা ১০০, এসএসসি ২৫, এইচএসসি ২৫) (দ্য ডেইলি ক্যাম্পাস)। রাজশাহী বিশ্ববিদ্যালয় কোটার শর্ত দিয়েছে: কোটায় ভর্তি হতে পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০ লাগবে, কোনো ছাড় নেই, আর কোটা আবেদনের সময়েই বেছে নিতে হবে, পরে নয় (রাবির ১৯ নভেম্বরের নোটিশ)।

১৮ থেকে ২০ নভেম্বর: হাইকোর্টের ১৮ নভেম্বরের আদেশ বহাল আছে: ৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না, তবে আবেদন নেওয়া চলবে। সরকার আর ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯ নভেম্বর আপিল করেছে (দ্য ডেইলি ক্যাম্পাস)। সেদিন আপিল বিভাগের চেম্বার বিচারপতি আদেশ স্থগিত করেননি, রাষ্ট্রপক্ষের আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন; শুনানি ২৩ নভেম্বর, সোমবার (প্রথম আলো; কোনো কোনো খবরে দিনটিকে রোববার লেখা হয়েছে, তবে ২৩ নভেম্বর সোমবার)। ইউজিসি ১৮ নভেম্বর সন্ধ্যার বিশেষ সভায় ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল করেছে: প্রতিটা বিশ্ববিদ্যালয় নিজের আইন আর একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে ভর্তির সূচি ঠিক করবে (প্রথম আলো)। দ্য ডেইলি স্টার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বরাতে লিখেছে, আদেশ মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষাতেও খাটে; মেডিকেলের বিজ্ঞপ্তি ২০ নভেম্বর দুপুর পর্যন্ত আসেনি। নতুন বিজ্ঞপ্তি: কৃষি গুচ্ছ (পরীক্ষা ২ জানুয়ারি বেলা ১১টায়, আবেদন ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর), বুটেক্স (পরীক্ষা ২৯ জানুয়ারি, আবেদন ১ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি) আর এমআইএসটি (তারিখ আগের মতো ৫ ও ৬ ফেব্রুয়ারি)। রুয়েট পরীক্ষা ১৪ জানুয়ারি থেকে সরিয়ে ২৮ জানুয়ারি করেছে, কেন্দ্র রুয়েট আর বুয়েট। বুয়েটে আবেদন কবে শুরু হবে, ১৮ নভেম্বর পর্যন্ত ঠিক হয়নি (ভর্তি কমিটির প্রধান); আগে বলা ২১ নভেম্বর ধরে নেবেন না।

১৮ নভেম্বর, হাইকোর্টের আদেশ: বিচারপতি আহমেদ সোহেল ও এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের বেঞ্চ রুলসহ আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা না নিতে বলেছে, আর সম্পূরক পরীক্ষার্থীসহ সবার অনলাইন আবেদন নেওয়া চালু রাখতে বলেছে (দ্য ডেইলি স্টার, প্রথম আলো)। আদেশের পূর্ণ পাঠ আমরা পড়িনি; কোনো পত্রিকা লিখেছে ‘৩১ ডিসেম্বর পর্যন্ত’, কোনোটা ‘পুনঃনিরীক্ষণ আর সম্পূরকের ফলের আগে নয়’। আমাদের তালিকায় ৩১ ডিসেম্বর বা তার আগের তারিখ আছে শুধু ঢাবির (৫ থেকে ২৬ ডিসেম্বর), মেরিটাইম ইউনিভার্সিটির (২৯ ও ৩০ ডিসেম্বর) আর মেডিকেলের (১৮ ডিসেম্বর); বাকি সব ১ জানুয়ারি বা পরে।

৯ থেকে ১৬ নভেম্বর: ইউজিসির তখনকার অনুরোধের পর রাজশাহী (১২, ১৩ ও ২০ ফেব্রুয়ারি), খুলনা (৪ ও ৫ ফেব্রুয়ারি) আর এমআইএসটি (৫ ও ৬ ফেব্রুয়ারি) পরীক্ষা পিছিয়েছে; চট্টগ্রাম (১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি) আর কুমিল্লা (১০ থেকে ৩১ ডিসেম্বর) শুধু আবেদনের সময় সরিয়েছে; জগন্নাথ, রাজশাহী আর জাহাঙ্গীরনগর পূর্ণ বিজ্ঞপ্তি দিয়েছে। কোথায় আবেদন কবে, নিচের টেবিলে।

শেষ হালনাগাদ: ২১ নভেম্বর ২০২৬। জগন্নাথ, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, কুয়েট, কুমিল্লা, এমআইএসটি, বুটেক্স আর কৃষি গুচ্ছের তারিখ ৯ নভেম্বরের পরে নিশ্চিত হয়েছে (কৃষি গুচ্ছের বিজ্ঞপ্তি আমরা খবরে পড়েছি, গুচ্ছের ওয়েবসাইটে ২১ নভেম্বর পর্যন্ত ওঠেনি)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিসেম্বরের তারিখ হাইকোর্টের আদেশে আটকে আছে; আপিল বিভাগে শুনানি ২৩ নভেম্বর, এর পরে বদলাতে পারে। বুয়েটের ১ ফেব্রুয়ারি উপাচার্যের কথা আর রুয়েটের ২৮ জানুয়ারি রুয়েটের সংবাদ বিজ্ঞপ্তি থেকে; দুটোর পূর্ণ বিজ্ঞপ্তি আমরা পড়িনি। জাহাঙ্গীরনগরের আবেদনের সময় ১৬ নভেম্বরের বিজ্ঞপ্তিতে এসেছে, তবে পরীক্ষার তারিখ এখনো সম্ভাব্য। বাকিদের তারিখ আগের, তাই বদলাতে পারে। ঢাবির আবেদনের শেষ দিন এখনো ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট (ঢাবির ভর্তি ওয়েবসাইট, ২১ নভেম্বর সন্ধ্যা)। সামাজিক মাধ্যমে ভুয়া বিজ্ঞপ্তিও ঘোরে, তাই আবেদনের আগে বিশ্ববিদ্যালয়ের নিজের ওয়েবসাইটে মিলিয়ে নিন।

সূচিপত্র ৭টি অংশ
  1. মাস ধরে ভর্তি পরীক্ষার তারিখ ২০২৬-২৭
  2. কোথায় আবেদন কবে
  3. একই দিনে একাধিক পরীক্ষা
  4. যেগুলোর তারিখ এখনো আসেনি
  5. ভিডিওতে সর্বশেষ আপডেট
  6. সাধারণ প্রশ্ন (FAQ)
  7. সূত্র

মাস ধরে ভর্তি পরীক্ষার তারিখ ২০২৬-২৭

ডিসেম্বর ২০২৬

তারিখবিশ্ববিদ্যালয়ইউনিট / অনুষদ
৫ ডিসেম্বর ২০২৬ (শনিবার)ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) (হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রেখেছে; সরকার ও ঢাবির আপিলের শুনানি ২৩ নভেম্বর)আইবিএ ইউনিট
১২ ডিসেম্বর ২০২৬ (শনিবার)ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) (হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রেখেছে; সরকার ও ঢাবির আপিলের শুনানি ২৩ নভেম্বর)বিজ্ঞান ইউনিট
১৮ ডিসেম্বর ২০২৬ (শুক্রবার)মেডিকেল ও ডেন্টাল (এমবিবিএস, বিডিএস) (হাইকোর্টের আদেশ মেডিকেলেও খাটে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল; বিজ্ঞপ্তি এখনো আসেনি)এমবিবিএস ও বিডিএস
১৯ ডিসেম্বর ২০২৬ (শনিবার)ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) (হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রেখেছে; সরকার ও ঢাবির আপিলের শুনানি ২৩ নভেম্বর)কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট
২২ ডিসেম্বর ২০২৬ (মঙ্গলবার)ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) (হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রেখেছে; সরকার ও ঢাবির আপিলের শুনানি ২৩ নভেম্বর)চারুকলা ইউনিট
২৬ ডিসেম্বর ২০২৬ (শনিবার)ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) (হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রেখেছে; সরকার ও ঢাবির আপিলের শুনানি ২৩ নভেম্বর)ব্যবসায় শিক্ষা ইউনিট
২৯ ডিসেম্বর ২০২৬ (মঙ্গলবার)বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (১৮ নভেম্বর: তারিখ হাইকোর্টের ৩১ ডিসেম্বরের সীমার মধ্যে পড়ে; বিশ্ববিদ্যালয় কিছু জানায়নি)স্নাতক প্রোগ্রাম
৩০ ডিসেম্বর ২০২৬ (বুধবার)বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (১৮ নভেম্বর: তারিখ হাইকোর্টের ৩১ ডিসেম্বরের সীমার মধ্যে পড়ে; বিশ্ববিদ্যালয় কিছু জানায়নি)স্নাতক প্রোগ্রাম

জানুয়ারি ২০২৭

তারিখবিশ্ববিদ্যালয়ইউনিট / অনুষদ
১ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) (জবির পূর্ণ ভর্তি বিজ্ঞপ্তি (১১ নভেম্বর))‘এ’ ইউনিট (বিজ্ঞান, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স)
২ জানুয়ারি ২০২৭ (শনিবার)কৃষি গুচ্ছ (১৯ নভেম্বরের বিজ্ঞপ্তিতে ২ জানুয়ারিই, খবরে পড়া)কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা, বেলা ১১টা থেকে ১২টা
৮ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) (জবির পূর্ণ ভর্তি বিজ্ঞপ্তি (১১ নভেম্বর))‘ই’ ইউনিট (চারুকলা)
৮ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)কুয়েট (বিজ্ঞপ্তি ১০ নভেম্বর, আগের সূচিতেই; আবেদন চলছে)স্নাতক ভর্তি পরীক্ষা (MCQ, সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট)
১০ জানুয়ারি ২০২৭ (রবিবার)জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) (বিজ্ঞপ্তি ১৬ নভেম্বর; পরীক্ষার তারিখ সম্ভাব্য, ইউনিটের সূচি এখনো আসেনি)ভর্তি পরীক্ষা শুরু (২১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত, শুক্র, শনি ও সরকারি ছুটি বাদে; ইউনিটভিত্তিক তারিখ পরে আসবে)
১৫ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) (জবির পূর্ণ ভর্তি বিজ্ঞপ্তি (১১ নভেম্বর))‘বি’ ইউনিট (কলা ও আইন)
১৬ জানুয়ারি ২০২৭ (শনিবার)বিইউপি (১৮ নভেম্বর: নতুন সূচি, জানুয়ারিতে)আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদ
১৭ জানুয়ারি ২০২৭ (রবিবার)শাবিপ্রবি (৯ নভেম্বরের ইউজিসি সিদ্ধান্তের পর বদলাতে পারে)দুই দিনের প্রথম দিন (ইউনিট পরে জানাবে)
১৮ জানুয়ারি ২০২৭ (সোমবার)শাবিপ্রবি (৯ নভেম্বরের ইউজিসি সিদ্ধান্তের পর বদলাতে পারে)দ্বিতীয় দিন
২২ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)বিইউপি (১৮ নভেম্বর: নতুন সূচি, জানুয়ারিতে)সায়েন্স ও টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদ (সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিকেলে)
২২ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) (জবির পূর্ণ ভর্তি বিজ্ঞপ্তি (১১ নভেম্বর))‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ)
২৩ জানুয়ারি ২০২৭ (শনিবার)বিইউপি (১৮ নভেম্বর: নতুন সূচি, জানুয়ারিতে)বিজনেস স্টাডিজ অনুষদ (মেডিকেল স্টাডিজ বিকেলে)
২৩ জানুয়ারি ২০২৭ (শনিবার)চুয়েট (সম্ভাব্য; ৯ নভেম্বরের ইউজিসি সিদ্ধান্তের পর বদলাতে পারে)ভর্তি পরীক্ষা, ক ও খ গ্রুপ (সম্ভাব্য)
২৩ জানুয়ারি ২০২৭ (শনিবার)জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) (জবির পূর্ণ ভর্তি বিজ্ঞপ্তি (১১ নভেম্বর))‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান)
২৪ জানুয়ারি ২০২৭ (রবিবার)হাবিপ্রবি (৯ নভেম্বরের ইউজিসি সিদ্ধান্তের পর বদলাতে পারে)ভর্তি পরীক্ষা শুরু (২৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত; বিস্তারিত সূচি পরে ওয়েবসাইটে)
২৮ জানুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার)রুয়েট (১৮ নভেম্বর: ১৪ জানুয়ারির বদলে ২৮ জানুয়ারি, রুয়েটের সংবাদ বিজ্ঞপ্তি ডেইলি ক্যাম্পাস ছেপেছে)স্নাতক ভর্তি পরীক্ষা
২৯ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)বুটেক্স (বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়) (বিজ্ঞপ্তি ১৯ নভেম্বর, বুটেক্সের সাইটে পড়া)বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (১১ বিভাগ, ৬৩০ আসন), সকাল ১০টা থেকে ১২টা
২৯ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) (পরীক্ষার তারিখ বহাল, আবেদন সরেছে (উপ-উপাচার্য, ১১ নভেম্বর))‘সি’ ইউনিট
৩০ জানুয়ারি ২০২৭ (শনিবার)এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি)স্নাতক (বিএএফ শাহীন কলেজ ঢাকা ও লালমনিরহাট ক্যাম্পাস)
৩০ জানুয়ারি ২০২৭ (শনিবার)চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) (পরীক্ষার তারিখ বহাল, আবেদন সরেছে (উপ-উপাচার্য, ১১ নভেম্বর))‘এ’ ইউনিট

ফেব্রুয়ারি ২০২৭

তারিখবিশ্ববিদ্যালয়ইউনিট / অনুষদ
১ ফেব্রুয়ারি ২০২৭ (সোমবার)বুয়েট (১৮ নভেম্বর: ১ ফেব্রুয়ারিতে সরেছে, উপাচার্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন)স্নাতক ভর্তি পরীক্ষা
৩ ফেব্রুয়ারি ২০২৭ (বুধবার)চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) (পরীক্ষার তারিখ বহাল, আবেদন সরেছে (উপ-উপাচার্য, ১১ নভেম্বর))‘বি১’ উপ-ইউনিট
৪ ফেব্রুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার)চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) (পরীক্ষার তারিখ বহাল, আবেদন সরেছে (উপ-উপাচার্য, ১১ নভেম্বর))‘বি২’ উপ-ইউনিট
৪ ফেব্রুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার)খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) (খুবির ওয়েবসাইটের নোটিশ (১১ নভেম্বর); আবেদনের তারিখ পরে)‘এ’ ও ‘বি’ ইউনিট
৫ ফেব্রুয়ারি ২০২৭ (শুক্রবার)কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) (আবেদন পিছিয়ে ১০ থেকে ৩১ ডিসেম্বর, পরীক্ষা আগের তারিখে (রেজিস্ট্রার, ১১ নভেম্বর))‘এ’ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল), বেলা ১১টা
৫ ফেব্রুয়ারি ২০২৭ (শুক্রবার)চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) (পরীক্ষার তারিখ বহাল, আবেদন সরেছে (উপ-উপাচার্য, ১১ নভেম্বর))‘বি’ ইউনিট
৫ ফেব্রুয়ারি ২০২৭ (শুক্রবার)খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) (খুবির ওয়েবসাইটের নোটিশ (১১ নভেম্বর); আবেদনের তারিখ পরে)‘সি’ ও ‘ডি’ ইউনিট
৫ ফেব্রুয়ারি ২০২৭ (শুক্রবার)এমআইএসটি (পূর্ণ বিজ্ঞপ্তি ১৯ নভেম্বর, তারিখ ১০ নভেম্বরের মতোই)‘সি’ (বিজ্ঞান) ইউনিট
৬ ফেব্রুয়ারি ২০২৭ (শনিবার)কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) (আবেদন পিছিয়ে ১০ থেকে ৩১ ডিসেম্বর, পরীক্ষা আগের তারিখে (রেজিস্ট্রার, ১১ নভেম্বর))‘বি’ ইউনিট (কলা, সামাজিক বিজ্ঞান, আইন), বেলা ৩টা
৬ ফেব্রুয়ারি ২০২৭ (শনিবার)চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) (পরীক্ষার তারিখ বহাল, আবেদন সরেছে (উপ-উপাচার্য, ১১ নভেম্বর))‘ডি’ ইউনিট
৬ ফেব্রুয়ারি ২০২৭ (শনিবার)এমআইএসটি (পূর্ণ বিজ্ঞপ্তি ১৯ নভেম্বর, তারিখ ১০ নভেম্বরের মতোই)‘এ’ (ইঞ্জিনিয়ারিং) ও ‘বি’ (আর্কিটেকচার) ইউনিট
৭ ফেব্রুয়ারি ২০২৭ (রবিবার)কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) (আবেদন পিছিয়ে ১০ থেকে ৩১ ডিসেম্বর, পরীক্ষা আগের তারিখে (রেজিস্ট্রার, ১১ নভেম্বর))‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ), বেলা ১১টা
৮ ফেব্রুয়ারি ২০২৭ (সোমবার)চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) (পরীক্ষার তারিখ বহাল, আবেদন সরেছে (উপ-উপাচার্য, ১১ নভেম্বর))‘ডি১’ উপ-ইউনিট
১২ ফেব্রুয়ারি ২০২৭ (শুক্রবার)রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) (রাবির পূর্ণ বিজ্ঞপ্তি (১২ নভেম্বর))‘বি’ ইউনিট (বাণিজ্য), শুক্রবার; শিফট সকাল ১১টা থেকে ১২টা ও বিকেল ৩টা থেকে ৪টা
১৩ ফেব্রুয়ারি ২০২৭ (শনিবার)রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) (রাবির পূর্ণ বিজ্ঞপ্তি (১২ নভেম্বর))‘সি’ ইউনিট (বিজ্ঞান), শনিবার; শিফট সকাল ১১টা থেকে ১২টা ও দুপুর ২টা থেকে ৩টা
২০ ফেব্রুয়ারি ২০২৭ (শনিবার)রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) (রাবির পূর্ণ বিজ্ঞপ্তি (১২ নভেম্বর))‘এ’ ইউনিট (মানবিক), শনিবার; শিফট সকাল ১১টা থেকে ১২টা ও দুপুর ২টা থেকে ৩টা

মার্চ ২০২৭

তারিখবিশ্ববিদ্যালয়ইউনিট / অনুষদ
১৯ মার্চ ২০২৭ (শুক্রবার)গুচ্ছ (জিএসটি)বি ইউনিট (মানবিক)
২০ মার্চ ২০২৭ (শনিবার)গুচ্ছ (জিএসটি)সি (বাণিজ্য) ও ডি (আর্কিটেকচার) ইউনিট
২৭ মার্চ ২০২৭ (শনিবার)গুচ্ছ (জিএসটি)এ ইউনিট (বিজ্ঞান)

পরীক্ষার কেন্দ্র নিয়ে যা জানা গেছে (তারিখ বদলালে কেন্দ্রও বদলাতে পারে): ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা আর আইবিএ ছাড়া তিন ইউনিটের পরীক্ষা ঢাকাসহ আট বিভাগীয় শহরে; জগন্নাথের পাঁচটা পরীক্ষাই ঢাকায়; কুয়েট একসাথে কুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় আর রুয়েটে; রুয়েট এবার দুটি কেন্দ্রে, রুয়েট আর বুয়েটে, একই প্রশ্নে (রুয়েটের সংবাদ বিজ্ঞপ্তি, ১৮ নভেম্বর); চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ইউনিটগুলো চবি, ঢাবি আর রাবি ক্যাম্পাসে, উপ-ইউনিট শুধু চবিতে; কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা, চট্টগ্রাম আর রাজশাহীতে; এমআইএসটি সাত বিভাগীয় শহরে; জাহাঙ্গীরনগর এবার শুধু ক্যাম্পাসে; রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল আঞ্চলিক কেন্দ্রে (রাবির বিজ্ঞপ্তি, ১২ নভেম্বর); কৃষি গুচ্ছের পরীক্ষা ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে, আবেদনের সময় ১ থেকে ৯ পছন্দক্রম দিতে হবে (১৯ নভেম্বরের বিজ্ঞপ্তি, খবরে পড়া); এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ঢাকার বিএএফ শাহীন কলেজ আর লালমনিরহাট ক্যাম্পাসে। গুচ্ছ ভর্তির ধাপগুলো আলাদা করে দেখুন আমাদের গুচ্ছ ভর্তি গাইডে।

কোথায় আবেদন কবে

বিশ্ববিদ্যালয়আবেদনের সময়
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)১১ নভেম্বর দুপুর ১২টা থেকে ২৫ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট
এমআইএসটি৫ থেকে ২১ জানুয়ারি ২০২৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)২৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ১০ ডিসেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট (admission.jnu.ac.bd)
বিইউপি১ ডিসেম্বর ২০২৬ থেকে ৫ জানুয়ারি ২০২৭ (প্রথম আলো)
কুয়েট১০ নভেম্বর সকাল ১০টা থেকে ১০ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)অনলাইন আবেদন ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩০ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট (রাবির বিজ্ঞপ্তি ১২ নভেম্বর, আবেদনের নির্দেশিকা আর ভর্তি সাইটের হোমপেজ, ১৭ নভেম্বর দেখা); ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ও সাপ্লিমেন্টারিতে পাস করলে ফলের পর ৭ দিনের মধ্যে
বুয়েটআবেদন কবে শুরু হবে ঠিক হয়নি: ১৮ নভেম্বর বুয়েটের ভর্তি কমিটির প্রধান অধ্যাপক কামরুল হাসান বিডিনিউজ২৪-কে বলেছেন, পরীক্ষার তারিখ পেছানোর পর আবেদন শুরুর সিদ্ধান্ত হয়নি (আগে ২১ নভেম্বর থেকে আবেদন শুরুর কথা বলা হয়েছিল); উপাচার্য ১৮ নভেম্বর বলেছেন ভর্তি কার্যক্রম ৭ জানুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে (দ্য ডেইলি ক্যাম্পাস); আবেদনের শেষ তারিখ ও সময় বুয়েটের বিজ্ঞপ্তিতে এখনো পড়া হয়নি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)আবেদন ২২ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে ১৫ ডিসেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট (জাবির ভর্তি বিজ্ঞপ্তি, ১৬ নভেম্বর; ওয়েবসাইট admission.juniv.edu)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)১০ ডিসেম্বর ২০২৬ বেলা ১১টা থেকে ১০ জানুয়ারি ২০২৭ রাত ১১টা ৫৯ মিনিট (ফি জমা ১২ জানুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত; উপ-উপাচার্য, ১১ নভেম্বর: চাটগাঁ নিউজ, বিডিনিউজ২৪, দ্য ডেইলি স্টার; চবির ফেসবুক পেজে তথ্য বিবরণী, ওয়েবসাইটে নোটিশ আসেনি)
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)১০ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ (অনলাইন; আগে ছিল ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর)
মেডিকেল ও ডেন্টাল (এমবিবিএস, বিডিএস)বিজ্ঞপ্তি ২০ নভেম্বর দুপুর পর্যন্ত আসেনি; ১৮ নভেম্বর অধিদপ্তরের সূত্রে দ্য ডেইলি ক্যাম্পাস লিখেছিল আবেদন চলতি নভেম্বরের শেষ পর্যন্ত চলবে
কৃষি গুচ্ছ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০২৬, অনলাইনে; ফি ১,৬০০ টাকা (অফেরতযোগ্য) + লেনদেন চার্জ (কৃষি গুচ্ছের ১৯ নভেম্বরের বিজ্ঞপ্তি, দ্য ডেইলি ক্যাম্পাসের খবরে; বিজ্ঞপ্তি নিজে acas.edu.bd-তে এখনো নেই)
বুটেক্স (বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়)১ ডিসেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে ১০ জানুয়ারি ২০২৭ রাত ১১টা ৫৯ মিনিট, অনলাইন বা SMS (16222); ফি ৩০০ টাকা, যোগ্য প্রার্থীর প্রবেশপত্রে আরও ১,২০০ টাকা (বুটেক্সের ভর্তি বিজ্ঞপ্তি, ১৯ নভেম্বর)

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের পুরো নিয়ম: ঢাবি ভর্তি ২০২৬-২৭

আপনার GPA দিয়ে কোথায় আবেদনের শর্ত মিলছে, দেখুন GPA ভর্তি চেকারে।

GPA কম? কম জিপিএ নিয়ে কোথায় আবেদন করবেন, ছোট সংখ্যার সিঁড়িতে দেখে নিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, কুমিল্লা, কুয়েট আর বুটেক্সের আবেদনের সময় নিশ্চিত হয়েছে; কৃষি গুচ্ছের আবেদনের তারিখ ১৯ নভেম্বরের বিজ্ঞপ্তির (খবরে পড়া), গুচ্ছের নিজের ওয়েবসাইটে এখনো ওঠেনি। বাকিগুলো সরে যেতে পারে, তাই ফি দেওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের নিজের ওয়েবসাইট দেখে নিন। ঢাবিতে শেষ দিন এখনো ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ (ঢাবির ভর্তি ওয়েবসাইটে ২১ নভেম্বর সন্ধ্যায় দেখা); শিক্ষামন্ত্রী সময় বাড়াতে অনুরোধ করেছিলেন, ঢাবি সিদ্ধান্ত জানায়নি, তাই বাড়বে ধরে নেবেন না। হাইকোর্ট ১৮ নভেম্বর পরীক্ষা নয়, আবেদন নেওয়া চালু রাখতে বলেছে; ঢাবির নিজের পরামর্শ আগের মতোই, ন্যূনতম যোগ্যতা থাকলে ফলের অপেক্ষা না করে আবেদন করুন। বিইউপিতে আবেদন ১ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি (প্রথম আলো আর যুগান্তর, ১৮ নভেম্বর)। বুয়েটে আবেদন কবে শুরু হবে, ১৮ নভেম্বর পর্যন্ত ঠিক হয়নি (ভর্তি কমিটির প্রধান, বিডিনিউজ২৪); আগে ২১ নভেম্বর বলা হয়েছিল, সেটা ধরে নেবেন না, বুয়েটের নিজের বিজ্ঞপ্তির অপেক্ষা করুন। বুটেক্সে আবেদন ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১০ জানুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত (বুটেক্সের বিজ্ঞপ্তি; একটি খবরে ১ জানুয়ারি লেখা, বিজ্ঞপ্তিতে ১০ জানুয়ারি), শুধু ২০২৬ সালের বিজ্ঞানের এইচএসসি। শেষ সময়টাও দেখুন: রাজশাহীতে আবেদন শেষ ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ (বিজ্ঞপ্তি, নির্দেশিকা আর ভর্তি সাইটের হোমপেজ একই বলছে); কুয়েটে শেষ ১০ ডিসেম্বর বিকেল ৫টায়, রাতে নয়। জাহাঙ্গীরনগরে আবেদন শুরু ২২ নভেম্বর সকাল ১০টায়, শেষ ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে; আবেদনের ঠিকানা বিজ্ঞপ্তিতে দেওয়া admission.juniv.edu, অন্য কোনো ঠিকানায় (বিশেষ করে গত বছরের পুরোনো লিংকে) ফি বা তথ্য দেওয়ার আগে বিজ্ঞপ্তির সঙ্গে ঠিকানা মিলিয়ে নিন। জগন্নাথে আবেদন শুরু ২৫ নভেম্বর দুপুর ১২টায়, আর কৃষি গুচ্ছে ২৫ নভেম্বর (সময় জানা যায়নি) থেকে ১৫ ডিসেম্বর। এখনই এসএসসি আর এইচএসসির রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড আর পাসের সাল এক জায়গায় লিখে রাখুন, আর সাম্প্রতিক একটা ছবি তুলে রাখুন। ছবির মাপ একেক বিশ্ববিদ্যালয়ে একেক রকম হতে পারে।

একই দিনে একাধিক পরীক্ষা

এই দিনগুলোর কয়েকটা ৯ নভেম্বরের আগের সূচি থেকে, তাই আরও বদলাতে পারে। ২০ নভেম্বর নতুন: ২৯ জানুয়ারি বুটেক্স (সকাল ১০টা থেকে ১২টা) আর চট্টগ্রামের ‘সি’ ইউনিট একই দিনে পড়েছে। ১৮ নভেম্বর বিইউপির নতুন সূচিতে ২২ জানুয়ারি জগন্নাথের ‘সি’ ইউনিটের সঙ্গে আর ২৩ জানুয়ারি জগন্নাথের ‘ডি’ ইউনিট ও চুয়েটের সঙ্গে মিল পড়েছে। ৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের ‘বি’, খুলনার ‘সি’ ও ‘ডি’, কুমিল্লার ‘এ’ আর এমআইএসটির ‘সি’ ইউনিট একই দিনে; ১৬ নভেম্বর প্রথম আলো লিখেছে শিক্ষার্থীরা বিপাকে, চট্টগ্রামের রেজিস্ট্রার বলেছেন আপাতত তারিখ বদলাচ্ছে না। নতুন তারিখ না আসা পর্যন্ত আবেদনের আগে মিলিয়ে নিন কোনটা দেবেন।

তারিখযে পরীক্ষাগুলো একই দিনে
৮ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)জবি ‘ই’ ইউনিট + কুয়েট
১৭ জানুয়ারি ২০২৭ (রবিবার)শাবিপ্রবি (প্রথম দিন) + জাবি (ইউনিটের সূচি আসেনি)
১৮ জানুয়ারি ২০২৭ (সোমবার)শাবিপ্রবি (দ্বিতীয় দিন) + জাবি (ইউনিটের সূচি আসেনি)
২২ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)জবি ‘সি’ ইউনিট + বিইউপি (সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, সিকিউরিটি)
২৩ জানুয়ারি ২০২৭ (শনিবার)জবি ‘ডি’ ইউনিট + চুয়েট + বিইউপি বিজনেস স্টাডিজ
২৯ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)চবি ‘সি’ ইউনিট + বুটেক্স
৩০ জানুয়ারি ২০২৭ (শনিবার)চবি ‘এ’ ইউনিট + এএইউবি
৪ ফেব্রুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার)চবি ‘বি২’ উপ-ইউনিট + খুবি ‘এ’ ও ‘বি’ ইউনিট
৫ ফেব্রুয়ারি ২০২৭ (শুক্রবার)চবি ‘বি’ ইউনিট + কুবি ‘এ’ ইউনিট + এমআইএসটি ‘সি’ + খুবি ‘সি’ ও ‘ডি’ ইউনিট
৬ ফেব্রুয়ারি ২০২৭ (শনিবার)চবি ‘ডি’ ইউনিট + কুবি ‘বি’ ইউনিট + এমআইএসটি ‘এ’ ও ‘বি’

যেগুলোর তারিখ এখনো আসেনি

২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত আমরা যতদূর খুঁজে পেয়েছি, এগুলোর ২০২৬-২৭ এর তারিখ ঘোষণা হয়নি: জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স (গত বছর আবেদন শুরু হয়েছিল ২৩ নভেম্বর), সাত কলেজ, এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (গত বছর পরীক্ষা ১১ জুলাই ২০২৬)। ঘোষণা এলে এই পাতায় যোগ করব।

ভিডিওতে সর্বশেষ আপডেট

তারিখ বা নিয়ম বদলালে আমাদের ইউটিউব চ্যানেলে আপডেট ভিডিও আসে। সবশেষগুলো এখানে, নতুনটা আগে। প্রতিটা ভিডিও তার তারিখ পর্যন্ত যা জানা ছিল তাই বলে; এর পরের খবর ওপরের টেবিলে।

ভিডিও: রাবিতে আবেদন ধাপে ধাপে, কুমিল্লা আর চবির নতুন আবেদনের সময়, ঢাবির প্রথম দিনের আবেদন (১২ নভেম্বর)

ভিডিও: রাবি ও খুবি ফেব্রুয়ারিতে, জবি আগের তারিখে, চবির নতুন আবেদনের সময় আর সাপ্লিমেন্টারিতে সুযোগ কোথায় (১১ নভেম্বর)

আগের আপডেট: ঢাবির পূর্ণ বিজ্ঞপ্তি: আসন, মানবণ্টন, পাস নম্বর আর আবেদনের ধাপ (১১ নভেম্বর), কে পেছাল, কে পেছাল না: কুয়েটে আবেদন শুরু, রাবি ১৫ নভেম্বর (১০ নভেম্বর), ইউজিসির সিদ্ধান্ত: আবেদন জানুয়ারিতে, পরীক্ষা ফেব্রুয়ারি থেকে, ঢাবি ডিসেম্বরেই (৯ নভেম্বর)।

সাধারণ প্রশ্ন (FAQ)

ইউজিসির ৯ নভেম্বরের সিদ্ধান্ত কি এখনো আছে?

না। ৯ নভেম্বর ইউজিসি অনুরোধ করেছিল আবেদন জানুয়ারি থেকে আর পরীক্ষা ফেব্রুয়ারি থেকে নিতে, যাতে সম্পূরক আর পুনর্নিরীক্ষণে পাস করা শিক্ষার্থীরাও বসতে পারেন। ১৮ নভেম্বর সন্ধ্যার বিশেষ সভায় ইউজিসি সেই সিদ্ধান্ত বাতিল করেছে: প্রতিটা বিশ্ববিদ্যালয় নিজের আইন, সংবিধি আর একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে ভর্তির সূচি ঠিক করবে (প্রথম আলো)। ২০ নভেম্বর পর্যন্ত যারা ফেব্রুয়ারিতে সরেছিল, তাদের কেউ আগের তারিখে ফেরেনি; এমআইএসটির ১৯ নভেম্বরের বিজ্ঞপ্তিতেও ৫ ও ৬ ফেব্রুয়ারি। হাইকোর্টের ১৮ নভেম্বরের আদেশ আলাদা বিষয়, সেটা ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা আটকে রেখেছে।

কোন কোন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পিছিয়েছে?

১২ নভেম্বর পর্যন্ত: রাজশাহী (১২, ১৩ ও ২০ ফেব্রুয়ারি), খুলনা (৪ ও ৫ ফেব্রুয়ারি), এমআইএসটি (৫ ও ৬ ফেব্রুয়ারি; ১৯ নভেম্বরের পূর্ণ বিজ্ঞপ্তিতেও একই) আর এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস (৩০ জানুয়ারি)। ১৮ নভেম্বর: বুয়েট ১৬ জানুয়ারির বদলে ১ ফেব্রুয়ারি ২০২৭-এ গেছে (উপাচার্যের কথা), রুয়েট ১৪ জানুয়ারির বদলে ২৮ জানুয়ারিতে (রুয়েটের সংবাদ বিজ্ঞপ্তি), আর বিইউপি জানুয়ারিতে নতুন সূচি দিয়েছে (১৬, ২২ ও ২৩ জানুয়ারি)। হাইকোর্টের আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিসেম্বরের পরীক্ষাও এখন আটকে আছে, পরের প্রশ্নের উত্তরে দেখুন। জগন্নাথ, চট্টগ্রাম আর কুয়েট আগের তারিখে আছে; চট্টগ্রাম শুধু আবেদনের সময় সরিয়েছে। কুমিল্লা পরীক্ষা আগের তারিখে রেখেছে, শুধু আবেদনের সময় সরিয়ে ১০ থেকে ৩১ ডিসেম্বর করেছে। কৃষি গুচ্ছ ১৯ নভেম্বরের বিজ্ঞপ্তিতে পরীক্ষা ২ জানুয়ারিই রেখেছে। জাহাঙ্গীরনগর ১৬ নভেম্বর বিজ্ঞপ্তি দিয়েছে, পরীক্ষা আগের মতোই ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে। বুটেক্স ১৯ নভেম্বর প্রথমবার বিজ্ঞপ্তি দিয়েছে: পরীক্ষা ২৯ জানুয়ারি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কি পিছিয়েছে?

ঢাবি নিজে এখনো কোনো নতুন তারিখ দেয়নি, কিন্তু ১৮ নভেম্বর হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা না নিতে বলেছে (রুলসহ আদেশ; দ্য ডেইলি স্টার আর প্রথম আলো)। আদেশ বহাল থাকলে ঢাবির ৫ থেকে ২৬ ডিসেম্বরের পরীক্ষা হবে না। সরকার আর ঢাবি ১৯ নভেম্বর আপিল করেছে (দ্য ডেইলি ক্যাম্পাস); সেদিন আপিল বিভাগের চেম্বার বিচারপতি আদেশ স্থগিত করেননি, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ২৩ নভেম্বর, সোমবার (প্রথম আলো)। আবেদন চলছে: ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট (ঢাবির ভর্তি ওয়েবসাইট, ২১ নভেম্বর সন্ধ্যায় দেখা), আর আদালত আবেদন নেওয়া চালু রাখতে বলেছে। ১৪ নভেম্বর শিক্ষামন্ত্রী আবেদনের সময় কয়েক দিন বাড়াতে অনুরোধ করেছেন; ঢাবি সিদ্ধান্ত জানায়নি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন কবে?

২২ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে ১৫ ডিসেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত, অনলাইনে (জাবির ভর্তি বিজ্ঞপ্তি, ১৬ নভেম্বর; ঠিকানা admission.juniv.edu)। ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি এবং ২০২৫ ও ২০২৬ সালের এইচএসসি পাস শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পরীক্ষা ১০ থেকে ২১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে (শুক্র, শনি আর সরকারি ছুটি বাদে); এটা সম্ভাব্য সময়, ইউনিটভিত্তিক চূড়ান্ত তারিখ আর সিটপ্ল্যান পরে ওয়েবসাইটে আসবে। প্রবেশপত্র ২৫ ডিসেম্বর থেকে। আবেদন ফি ‘এ’, ‘বি’, ‘সি’ আর ‘ডি’ ইউনিটে ৮০০ টাকা, ‘ই’ ইউনিটে ৭০০ টাকা, ‘সি১’ আর আইবিএ-জেইউতে ৬০০ টাকা, সঙ্গে সার্ভিস চার্জ।

সম্পূরক পরীক্ষায় পাস করলে কি এবার ভর্তি পরীক্ষা দেওয়া যাবে?

অনেক জায়গায় যাবে। রাজশাহীতে সম্পূরক বা পুনর্নিরীক্ষণে পাস করলে ফলের পর ৭ দিনের মধ্যে আবেদন করা যাবে (১২ নভেম্বরের বিজ্ঞপ্তি); চট্টগ্রামে আবেদন চলবে ১০ জানুয়ারি পর্যন্ত; বিইউপিতে সম্পূরকে পাস করা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন (১৮ নভেম্বরের বিজ্ঞপ্তি, প্রথম আলো আর যুগান্তর); এমআইএসটির ১৯ নভেম্বরের বিজ্ঞপ্তিতে সম্পূরক পরীক্ষার্থী আর সেকেন্ড টাইমাররাও সুযোগ পাবেন (দ্য ডেইলি ক্যাম্পাস); জগন্নাথে এসএসসির শর্ত মিললে আগেই আবেদন করে রাখা যাবে, পরে শর্ত না মিললে আবেদন বাতিল। বুটেক্সে আবেদন চলবে ১০ জানুয়ারি পর্যন্ত, তাই সম্পূরকের ফলের (২৩ ডিসেম্বরের কথা) পরেও সময় থাকে; বিজ্ঞপ্তিতে সম্পূরকের কথা আলাদা করে লেখা নেই। বুয়েট ১৮ নভেম্বর পরীক্ষা ১ ফেব্রুয়ারিতে সরিয়েছে; উপাচার্য বলেছেন সম্পূরক আর পুনঃনিরীক্ষণের ফল ৩১ ডিসেম্বরের মধ্যে আসবে, তাই শিক্ষার্থীরা আবেদনের সময় পাবে (দ্য ডেইলি ক্যাম্পাস); যোগ্যতার শর্ত বুয়েটের নিজের বিজ্ঞপ্তিতে এখনো পড়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগের সূচিতে যাওয়ার কথা ছিল না, কারণ আবেদন শেষ ২৫ নভেম্বর আর সম্পূরকের ফল ডিসেম্বরে (২৩ ডিসেম্বর, শিক্ষামন্ত্রী); তবে ১৮ নভেম্বর হাইকোর্ট সম্পূরক পরীক্ষার্থীসহ সবার আবেদন নেওয়া চালু রাখতে বলেছে (দ্য ডেইলি স্টার), আর ২১ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত ঢাবি আবেদনের শেষ দিন বদলায়নি, তাই ঢাবিতে কী হবে নিশ্চিত নয়। কৃষি গুচ্ছের ১৯ নভেম্বরের বিজ্ঞপ্তিতে আবেদন ১৫ ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ সম্পূরকের ফলের আগেই শেষ; ২১ নভেম্বরের খবরে বিজ্ঞপ্তির বরাতে লেখা, সম্পূরকের শিক্ষার্থীরা সুযোগ পাবেন না, তবে সেকেন্ড টাইমার আর পুনঃনিরীক্ষণে ফল বদলানো শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন (দ্য ডেইলি ক্যাম্পাস)। মেডিকেলের বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে, জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক; ১৮ নভেম্বর তিনি বলেছেন পুনঃনিরীক্ষণে যোগ্য হওয়া শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

মেডিকেল ভর্তি পরীক্ষা কবে?

এখনো নিশ্চিত নয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. নাজমুল হোসেন ১৮ নভেম্বর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, পরীক্ষা ১৮ ডিসেম্বর, প্রস্তুতি সম্পন্ন, আর হাইকোর্টের আদেশে কী আছে খোঁজ নিয়ে সিদ্ধান্ত হবে। পরদিন দ্য ডেইলি স্টার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বরাতে লিখেছে, আদেশের ফলে ৩১ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষাও নেওয়া যাবে না; রিটের বিবাদীদের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকও আছেন। আপিল বিভাগে শুনানি ২৩ নভেম্বর। বিজ্ঞপ্তি ২০ নভেম্বর দুপুর পর্যন্ত আসেনি (স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট)। ১৫ নভেম্বর দ্য ডেইলি ক্যাম্পাসকে বিএমডিসির সভাপতি অধ্যাপক ডা. সাইফুল ইসলাম বলেছেন, ভর্তি নীতিমালা দুয়েক দিনের মধ্যে চূড়ান্ত হবে, জিপিএর মান সামান্য কমবে (কতটা কমবে বলেননি), আর সেকেন্ড টাইম আগের মতোই থাকবে।

পুনর্নিরীক্ষণের ফল কবে?

২৩ নভেম্বর, জানিয়েছেন শিক্ষামন্ত্রী আর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি (বোর্ডের আগের সূচি ছিল ২৭ নভেম্বর, কয়েকটা খবর ১৮ নভেম্বরেও সেটাই লিখেছে)। ২১ নভেম্বর ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকও ২৩ নভেম্বর নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, ফল আগের মতো ঢাকা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হবে, আর ফল দেখার নিয়ম জানিয়ে ২২ নভেম্বর বিজ্ঞপ্তি আসবে। খবর সংযোগ তিনটি উপায় লিখেছে: rescrutiny.eduboardresults.gov.bd, বোর্ডের ওয়েবসাইটের পিডিএফ, আর যাদের ফল বদলাবে তাদের আবেদনের মোবাইল নম্বরে এসএমএস। বোর্ডের বিজ্ঞপ্তি এলে সেটাই মিলিয়ে নিন। একই দিনে আপিল বিভাগে হাইকোর্টের আদেশের শুনানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনের শেষ দিন এখনো ২৫ নভেম্বর। ঢাবি পরামর্শ দিয়েছে ফলের অপেক্ষা না করে আবেদন করতে; ফল এলে প্রয়োজনীয় সমন্বয় করা হবে, কীভাবে হবে তা এখনো জানায়নি। শিক্ষামন্ত্রী ১৪ নভেম্বর সময় কয়েক দিন বাড়াতে অনুরোধ করেছেন, ঢাবির সিদ্ধান্ত আসেনি।

জিপিএর শর্ত কি কমবে?

ইউজিসি উপাচার্যদের অনুরোধ করেছিল জিপিএর বিষয়টি যথাযথভাবে বিবেচনা করতে। এটা কমানোর নির্দেশ ছিল না, প্রতিটা বিশ্ববিদ্যালয় নিজে ঠিক করছে। এর মধ্যেই রাজশাহী (মানবিক ও বাণিজ্যে মোট ৬.৫০; বিজ্ঞানে মোট ৭.৫০), কুয়েট আর জগন্নাথ শর্ত কমিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আবেদনের শর্ত একই রেখেছে, তবে কিছু বিভাগে ভর্তির শর্ত শিথিল করেছে (৯ নভেম্বর)। জাহাঙ্গীরনগর ১৬ নভেম্বরের বিজ্ঞপ্তিতে সব ইউনিটে শর্ত কমিয়েছে (৪র্থ বিষয়সহ গণনা): ‘এ’ ইউনিটে মোট ৭.৫০ (আগে ৮.৫০), ‘ডি’ ইউনিটে ৮.০০ (আগে ৯.০০), আর ‘বি’ ইউনিটে বিজ্ঞান শাখায় ৭.৫০ (আগে ৮.৫০), মানবিক, ব্যবসায় ও অন্য শাখায় ৬.৫০ (আগে ৭.৫০)। ইউনিট আর শাখাভেদে শর্ত আলাদা, পুরো তালিকা জাবির বিজ্ঞপ্তিতে। কৃষি গুচ্ছের ১৯ নভেম্বরের বিজ্ঞপ্তিতে এসএসসি আর এইচএসসিতে আলাদাভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৪.০০ আর মোট ৮.০০, শুধু বিজ্ঞান বিভাগ (আগে ৪র্থ বিষয় বাদে ন্যূনতম ৪ আর মোট ৮.৫)। বুটেক্সে জিপিএ ৪.০০ একই আছে, তবে গণিত, পদার্থ, রসায়ন আর ইংরেজি মিলিয়ে লাগবে ১৬.৫০ (গত বছর ১৭.৫০), প্রতিটায় অন্তত ৩.৫০। মেডিকেলে বিএমডিসির সভাপতি বলেছেন মান সামান্য কমবে, সংখ্যা এখনো ঠিক হয়নি।

গুচ্ছের ভর্তি পরীক্ষা কবে?

২০২৭ সালের ১৯ মার্চ বি ইউনিট (মানবিক), ২০ মার্চ সি (বাণিজ্য) ও ডি (আর্কিটেকচার) ইউনিট, ২৭ মার্চ এ ইউনিট (বিজ্ঞান)। এই তারিখগুলো ফেব্রুয়ারির পরে। আবেদনের তারিখ পরে বিজ্ঞপ্তিতে আসবে। ২১ নভেম্বর গুচ্ছের কো-কনভেনর, নোবিপ্রবির উপাচার্য বলেছেন তারিখ বদলাচ্ছে না, আর এবার বগুড়া, ঠাকুরগাঁও ও মেহেরপুর বিশ্ববিদ্যালয় যুক্ত হচ্ছে, মোট ২৩টি (ঢাকা ডায়েরি)। আগের ২০টির মোট আসন ১৬ হাজার ৯৩টি (দ্য ডেইলি ক্যাম্পাস, ১৪ নভেম্বর); নতুন তিনটির আসন এখনো জানা যায়নি।

এসব তারিখ কি বদলাতে পারে?

হ্যাঁ। যেসব তারিখ ৯ নভেম্বরের আগে ঠিক করা, সেগুলো বদলাতে পারে; কোনটা কবে নিশ্চিত হয়েছে, প্রতিটা তারিখের পাশে লেখা আছে। হাইকোর্টের ১৮ নভেম্বরের আদেশের কারণে ঢাবি আর মেডিকেলের ডিসেম্বরের তারিখ বদলাতে পারে; আপিল বিভাগে শুনানি ২৩ নভেম্বর, তার ফলের ওপর নির্ভর করবে। তাই আবেদন বা ফি দেওয়ার আগে নিজের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিন।

সূত্র

ট্র্যাকারের অফিসিয়াল পেজগুলো ২১ নভেম্বর আবার দেখা হয়েছে (রাবির নোটিশ পাতা, কৃষি গুচ্ছের ওয়েবসাইটসহ); ২১ নভেম্বর পর্যন্ত ভর্তি-সংক্রান্ত খবর (প্রথম আলো, খবর সংযোগ, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা ডায়েরি ইত্যাদি) পড়া হয়েছে। ঢাবির ভর্তি ওয়েবসাইট শেষবার দেখা ২১ নভেম্বর সন্ধ্যায়। হাইকোর্টের আদেশের পূর্ণ পাঠ, বুয়েট ও রুয়েটের নিজের বিজ্ঞপ্তি আর কৃষি গুচ্ছের নিজের বিজ্ঞপ্তি পড়া হয়নি (গুচ্ছের ওয়েবসাইটে ২১ নভেম্বর পর্যন্ত বিজ্ঞপ্তি ওঠেনি)।

বন্ধুকে পাঠান

মতামত বা প্রশ্ন জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।